নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ও থাই গ্লাস ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. রিফাত হোসেন কুমিল্লা জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি ওই এলাকার আজাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়িযোগে কয়েকজন দুর্বৃত্ত ওই বাড়ির সামনে আসে। পরে তারা জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস খুলে বসতঘরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে এসআই রিফাত হোসেনের মা ও ছোট বোন ছিলেন। পরিবারের অভিযোগ, কাচ ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে গেলে চিৎকার করেন তারা। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় বলেও দাবি করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এসআই রিফাত হোসেন জানান, দুর্বৃত্তরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং পরিবারের ও ব্যবসায়িক নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে গেছে।
তবে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রায় ৫ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় একটি চুরির মামলা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রতিনিধি/একে