ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
চট্টগ্রামে ৯ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১৯:৪২  (ভিজিটর : )

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপো থেকে প্রায় ৯ হাজার লিটার জেট ফুয়েল চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার দিবাগত রাতে একটি ট্যাংক লরিতে করে তেল সরিয়ে নেওয়ার সময় সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গাড়িটি জব্দ করেন।

জানা গেছে, চট্টগ্রাম মেট্রো ম-০৯-০০১০ নম্বরের একটি ট্যাংক লরিতে করে বিমানবন্দর ডিপো থেকে তেল সরিয়ে নেওয়া হচ্ছিল। পরে বিমানবন্দরের পাশের প্রজাপতি পার্ক এলাকায় চোরাই তেল বিক্রির একটি গোপন পয়েন্টে আনলোডের সময় সামরিক গোয়েন্দা সংস্থার একটি দল গাড়িটি আটক করে। এ সময় কোস্ট গার্ড ও পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঘটনার পর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা পদ্মা অয়েল পিএলসির কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

মঙ্গলবার সকালে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিপিসির পরিচালক (পরিকল্পনা) মুহাম্মদ আসাদুল হককে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়কে। 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল, পদ্মা অয়েলের উপমহাব্যবস্থাপক (প্রকৌশল ও পরিকল্পনা) মোস্তাক আহমদ চৌধুরী এবং বিপিসির উপব্যবস্থাপক খন্দকার সাজবির রহমান।

পদ্মা অয়েল সূত্র জানায়, তদন্ত কমিটি মঙ্গলবার সকাল থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ডিপোতে তদন্ত কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

চুরির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করেছে পদ্মা অয়েল কর্তৃপক্ষ। তারা হলেন- পদ্মা অয়েলের প্রধান স্থাপনার কর্মী মো. ইদ্রিস ভুট্টো এবং গাড়িচালক মো. জসিম উদ্দিন। 

কোম্পানির মহাব্যবস্থাপক মীর মো. ফখরউদ্দিন স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়।

এর আগে গত ১১ মার্চ নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে নেওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চারজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

অভিযোগ ওঠে, যে চারটি গাড়িতে তেল পরিবহন করা হচ্ছিল, সেগুলো কুর্মিটোলা ডিপোতে প্রবেশ করেনি। পরে ডিপোতে তেল পরিমাপেও ঘাটতি পাওয়া যায়। সে ঘটনায় বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- কুর্মিটোলা এভিয়েশন ডিপোর দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. সাইদুল হক, চুক্তিভিত্তিক কর্মকর্তা ছামির উদ্দিন, চেকার আকতার কামাল এবং সিকিউরিটি নায়েক শওকত কাজি।

প্রতিনিধি/একে


মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg