কিশোরগঞ্জের বাজিতপুরে গরুবাহী পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাজিব মিয়া (৩৫) বাজিতপুর উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুবাহী একটি পিকআপ ভৈরবের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা রাজিব মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনায় আহত আরও দুজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশীদ আলম বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/একে