দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে এই মানের সোনার নতুন ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
শনিবার (২৩ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকেই সারা দেশে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (তেজাবি সোনা) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে, সর্বশেষ গত ২১ মে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। দুই দিনের ব্যবধানে ঠিক সমপরিমাণ টাকাই আবার কমানো হলো।
চলতি ২০২৬ বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ৬৮ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার এবং কমানো হয়েছে ৩২ বার।
দেশবার্তা/একে