ফিতা কাটা, বেলুন উড়ানো ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে দিনাজপুর শহরের ৯ নম্বর উপশহরে নিজস্ব জায়গায় নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন আইইবির কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। উদ্বোধন শেষে আইইবির সদস্যদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান এবং দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল-হাসান তমাল এবং আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান।
এছাড়া আরও বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সহকারী সম্পাদক সাব্বির আলম ওসমানী, কেন্দ্রীয় সম্পাদক আসাদুজ্জামান চুন্নু এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আইটি প্রকৌশলী মো. সৈকত আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান এবং হাবিপ্রবির শিক্ষক মিজানুর রহমান।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নবনির্মিত ভবন চত্বরে লিচু, আমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের দিনাজপুর কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় প্রেসিডেন্ট জাতীয় পতাকা এবং দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান সাংগঠনিক পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে আইইবির কেন্দ্রীয় ও দিনাজপুর কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ