ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ০:২৬
চলমান বার্তা:
সরকারের প্রথম বাজেট
স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার: চীফ হুইপ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ০:২৬ আপডেট: ০৭.০৬.২০২৬ ১:০৬  (ভিজিটর : )
চিফ হুইপের ব্রিফিং।  ছবি : জাতীয় সংসদ

চিফ হুইপের ব্রিফিং। ছবি : জাতীয় সংসদ

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও জনগণকে স্বাবলম্বী করে তুলতে সরকার একটি স্বস্তিদায়ক ও জনবান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে কাজ করছে।

শনিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে চিফ হুইপ এ কথা বলেন। এর আগে সংসদীয় দলের সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজ জাতীয় সংসদের  বাজেট অধিবেশন শুরু হবে, বাজেট পেশ করা হবে ১১ জুন। নতুন সরকারের প্রথম এই বাজেটের বিভিন্ন দিক নিতে ওই সভায় আলোচনা হয়েছে বলে চিফ হুইপ উল্লেখ করেন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই ব্রিফিংয়ে জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি  উপস্থিত ছিলেন।

আসন্ন বাজেট অধিবেশন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সংসদে বিস্তারিত আলোচনা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই বাজেট পাস করা হবে। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি জানান, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে তদারকি জোরদার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার অব্যাহত রাখা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

চীফ হুইপ আরও বলেন, সাম্প্রতিক বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে। শিক্ষা খাতে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মৌসুমি রোগ মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, নতুন হাসপাতাল স্থাপন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চলমান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

যোগাযোগ খাতের উন্নয়ন সম্পর্কে চীফ হুইপ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক পরিবহন টার্মিনাল নির্মাণ এবং বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যুৎ খাত বিষয়ে চীফ হুইপ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি সত্ত্বেও সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও ৬৬ শতাংশ গ্রাহকের ওপর এর কোনো প্রভাব পড়বে না এবং ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে।

আইন ও বিচার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিচারপ্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করতে সরকার কাজ করছে। শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। রামিসা হত্যা মামলাটি প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে তিনি জানান, মামলাটির বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়েছে এবং রোববার রায় ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে চীফ হুইপ বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবার বাস্তব অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবায় কোনো ধরনের গাফিলতি পরিলক্ষিত হলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবিধান সংশোধন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীফ হুইপ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধনের নজির রয়েছে। সংবিধানের মৌলিক কাঠামো ও মৌলিক অধিকার অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংস্কার ও সময়োপযোগী পরিবর্তনের উদ্যোগ সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই গ্রহণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষ গঠনমূলক ভূমিকা পালন করবে এবং সংবিধান সংশোধন প্রক্রিয়াতেও ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করবে।

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg