রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা, যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ এবং সম্মানজনক ক্ষতিপূরণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এই ঘোষণা দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
অ্যাডভোকেট শিশির মনির জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যরা—যাদের মধ্যে বাবা, মা, ভাই, বোন ও সন্তানরা রয়েছেন—তারা যতদিন জীবিত থাকবেন, ততদিন আদ্-দ্বীন হাসপাতালে ও এর আওতাধীন যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য আদ্-দ্বীন পরিচালিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা অর্জন করলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক শর্ত পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবেন।
তবে আদ্-দ্বীন পরিচালিত মেডিকেল কলেজ বা অধিক ব্যয়সাপেক্ষ পেশাগত শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ বৃত্তি, উল্লেখযোগ্য টিউশন ফি মওকুফ কিংবা আর্থিক সহায়তার বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা হবে।
একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের উপযুক্ত ও আগ্রহী সদস্যদের হাসপাতালের যোগ্যতাসম্পন্ন পদে চাকরির সুযোগ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ও সম্মানজনক ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার স্থায়ী আশ্বাস দেওয়া হয়।
দেশবার্তা/একে