ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২০:৫০
চলমান বার্তা:
স্বস্তির বৃষ্টি, বন্যার শঙ্কা
সালেহ বিপ্লব
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২০:৫০ আপডেট: ২৬.০৪.২০২৬ ২০:৫২  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সকাল থেকেই রোদের আঁচ অনেকটা কম ছিল, কয়েক থোকা মেঘ ইতিউতি করতে করতে এদিক-ওদিক যাচ্ছিল, তারাই আকাশে নীলাভ-সাদা দ্যুতি ছড়িয়ে সূর্যকে আড়াল করে ফেলল বেলা আড়াইটার সামান্য আগে-পরে। তিনটার মিনিট পাঁচেক আগে বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়। রোদে চিকচিক করা ধারাপাত দেখেছে রাজধানীর মানুষ, তিনটা দশ নাগাদ একেবারে থেমে যায় স্বস্তির বৃষ্টি। সূর্য ঢাকা ছিল আগে থেকেই, কয়েক মিনিট বাদে রোদও হারিয়ে যায়, ঠান্ডা বাতাসের ঝিরিঝিরি বয়ে চলা শুরু সাড়ে তিনটার দিকে। এরপর বাতাসে ভেজা ভাব বাড়তে বাড়তে বিকেল গড়ালো চারটায়। মেঘের গুরুগুরু ডাক, তারপর আকাশ কালো করে বৃষ্টি।

এর মধ্য দিয়ে চলতি এপ্রিল মাসের ২০ তারিখ থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিদায় নিল বলেই মনে হচ্ছে।

কদিনের তাপদহন অতিষ্ঠ করে তুলেছিল মানুষ, পশুপাখি সবাইকে। শীতল পরশে দেহমন জুড়ালেও চলতি পথে কষ্ট ছিল। অফিসফেরত মানুষ বিড়ম্বনায় পড়েছেন, জ্যাম লেগে যায় বহু সড়কে। বাড়িতে বাড়িতে দুশ্চিন্তা বাড়ে ঘরমুখো স্বজনের জন্য। ওদিকে, অলিগলি রাজপথের এখানে-ওখানে পানি জমতে শুরু করেছে, বৃষ্টি বাড়লে জলাবদ্ধতার শঙ্কা থাকছেই। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রেখেছে সিটি করপোরেশন ও ওয়াসা।

একটানা বেশ কিছুদিন অসহনীয় তাপপ্রবাহের পর এই বৃষ্টি আশীর্বাদের চেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য।

সোমবার থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

এ বছর এখন পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) থেকে দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির দেখা মিলবে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, সোমবার থেকে পরবর্তী চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং পরবর্তীতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে বজ্রমেঘের ঘনঘটা বাড়বে। এতে দেশজুড়ে ভারি বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মেঘালয় ও সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকায় ভারি বৃষ্টির কারণে উজানের ঢল তীব্র হতে পারে। এর ফলে সিলেট বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও নেত্রকোনার কংস নদের পানি দ্রুত বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা হওয়ার উচ্চঝুঁকি রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, ‘মেঘালয় অংশে ভারি বৃষ্টির প্রবণতা বেশি থাকায় হাওর অঞ্চলে পানি প্রবেশ করতে পারে। পরবর্তীতে মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’

এর আগে ২০১৭ সালের এপ্রিলের ভয়াবহ বন্যায় হাওর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির কথা মাথায় রেখে এবার আগেভাগেই সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যার পানি প্রবেশের আগেই হাওর অঞ্চলে ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশবার্তা/এসবি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg