‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জজ কোর্ট চত্বরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
উদ্বোধন শেষে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা জজ আদালতের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, রোটারি ক্লাবের সদস্য এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। পরে জজ কোর্ট চত্বরে লিগ্যাল এইড মেলা ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়।
দিবসটির তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান।
সভায় বক্তারা অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য সরকারি আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে এই সেবা গ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামানসহ বিভিন্ন সংস্থার প্রধানরা।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকেলে জজ কোর্ট চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রতিনিধি/একে