রামিসা, আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য শিশু ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত ট্রাইবুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোনারগাঁও উপজেলা খেলাঘর।
শুক্রবার (২২ মে) সকাল ১০টায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে খেলাঘরের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শিশু কিশোরদের জাতীয় সংগঠন 'খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখা'র আয়োজনে সংগঠনের অর্থ সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, শিশুতোষ সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর শিশু সাহিত্যিক শাহ আলম, সংগঠক কাজী নাজমুল ইসলাম লিটু, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শংকর প্রকাশ, ভূবনডাঙ্গা খেলাঘর আসরের আহ্বায়ক হাসি আলম প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খেলাঘরের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক মন্ডলির সদস্য কাজল বনিক, আলেয়া আক্তার, সুলতানা রাজিয়া, মিলন হোসাইন অপূর্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। দেশের রাজনীতিবিদরা ভারতবিরোধীতা নিয়ে ব্যস্ত, অথচ দেশের শিশুরা দিনের পর দিন ধর্ষিত, নির্যাতিত পরবর্তী হত্যার শিকার হচ্ছে সেদিকে কোন খেয়াল নেই।
বক্তারা বলেন, গত প্রায় দেড় বছরে দেশে ৫৮০ জন শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৪৮৩টি শিশু। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন তা ভাববার সময় এসেছে। আমাদের শিশুরা বর্তমানে কোথাও নিরাপদ নেই। সরকারের খুব দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ যেন শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা কোন রকম শঙ্কায় না থাকে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী রামিসার বাড়িতে গিয়ে দ্রুততম সময়ে হত্যার বিচার পাওয়ার যে আশ্বাস দিয়েছেন তা শুধু কথায় নয়, কাজে এর প্রতিফলন দেখতে চান এবং শিশুরা যাতে নিরাপদ থাকতে পারে সে ব্যাপারে সোচ্চার হয়ে কাজ করার আহবানও জানান তারা।
প্রতিনিধি/আরএইচ