২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি প্রায় দেড় মাস। তবে এর মধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গত শুক্রবার থেকেই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবারের আসরে এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একই দলের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
গত রাতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস। এর পরদিনই আজ শনিবার আরেক বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদকে নিজেদের ডেরায় ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এলপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে তাসকিনের দল পাওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশি এই গতি তারকাকে স্বাগত জানিয়ে এলপিএল কর্তৃপক্ষ লিখেছে, ‘জাফনার বোলিং আক্রমণে যোগ হলো এক ভয়ংকর ফাস্ট-বোলিং শক্তি। তাসকিন আহমেদকে নিয়ে ২০২৬ এলপিএলের আগে বোলিংয়ে শক্তি বাড়াল জাফনা কিংস। তাঁর গতি যেমন রয়েছে, তেমনি রয়েছে আগ্রাসন ও বড় ম্যাচের চাপ সামলানোর দারুণ ক্ষমতা।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে এখন নিয়মিত মুখ তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের পাশাপাশি এর আগেও তিনি এলপিএলে খেলেছেন।
সবশেষ ২০২৪ সালের এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ১০.২৭ ইকোনমিতে ৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। লঙ্কান লিগে সেটিই ছিল তাঁর প্রথম ও একমাত্র অংশগ্রহণ।
আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তাসকিন। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ এবং পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার ক্ষেত্রে চলতি বছরে বাংলাদেশের সাফল্যে অসাধারণ অবদান রেখেছেন এই পেসার। এ বছর ৫টি ওয়ানডে খেলে ৫.২৮ ইকোনমিতে ৫টি উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর ঝুলিতে গেছে ৬টি উইকেট।
উল্লেখ্য, দুই বছর পর আবার মাঠে গড়াতে যাচ্ছে এলপিএল। টুর্নামেন্টের সবশেষ ২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।
এবারের পঞ্চম আসরে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল- কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স ও গল গ্যালান্টস।
দেশবার্তা/একে