দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো অবস্থারও সৃষ্টি হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে আরও দাবি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিনেতাকে নিরাপদ স্থানে যেতে সহায়তা করেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।
তিনি জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি মোটেও সত্য নয়। কলকাতায় তাদের সঙ্গে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটেনি।
অভিনেত্রী রোবেনা রেজা জুঁই বলেন, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়। আমাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি।
এদিকে বিষয়টি নিয়ে জানতে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, এখনও বিষয়টি সম্পর্কে কিছু জানি না। নিশ্চিত হতে পারছি না, কারণ তাদের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারিনি।
জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, মূলত ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই। কয়েক দিনের মধ্যেই তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
দেশবার্তা/একে