জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক গঠিত বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন রাশনা ইমাম।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
তামিম ইকবালের নেতৃত্বে গঠিত নতুন অ্যাডহক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাশনা ইমাম আজকের সভায় ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুন এবং জ্যেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন ও ফারজানা হক পিংকি উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এটি মূলত একটি পরিচয় পর্ব হলেও রাশনা ইমাম ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
সভার বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানান, নতুন চেয়ারম্যান কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে অবগত হয়েছেন এবং আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন। নারী ক্রিকেটারদের মাঠ ও মাঠের বাইরের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, চলতি মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা নারী দলের। সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এবং টি-টোয়েন্টি সিরিজটি সিলেটে অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষ করে আগামী ২৫ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে নিগার সুলতানা জ্যোতির দল। নতুন নেতৃত্বের অধীনে লঙ্কান সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন গতি আসবে বলে আশা করছে নারী উইং।
দেশবার্তা/একে