ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
চলমান বার্তা:
তখনকার দিনে নববর্ষ
ইয়াকুব আলী
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ০:১৯  (ভিজিটর : )

আশির দশকে আমাদের কিশোরবেলায় দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই নাজুক। মানুষের ক্রয় ক্ষমতা খুব বেশি ছিল না। তবে নববর্ষ উদযাপিত হতো। গাগলাইল গ্রামের বৈশাখী মেলা ছিল আমাদের এলাকায় নববর্ষের প্রধান আকর্ষণ। গাগলাইল গ্রামটি আমাদের এলাকা থেকে অন্তত তিন কিলোমিটার দূরে তো হবেই। কয়েকজন মিলে দলবেঁধে মেলায় যেতাম। রেডি হতাম গোসল করে, মাথায় সরিষার তেল দিয়ে তুলে সিঁথি করে। বাজেট থাকতো দুই/তিন টাকা। কেনার চেয়ে পণ্যের পসরা দেখাই ছিল আকর্ষণীয়। আবশ্যিকভাবে আম কাটার ছোট বটি/দা কিনতাম। এরকম বটি দিয়ে গাছে বসেই আম কাটা যেত। 

পথে ছিল মনকর্শার ঘন জঙ্গল। আমরা যথেষ্ট ভয় পেতাম। আবশ্যিকভাবে আসরের আযানের আগেই বাড়ির পথ ধরতাম। বেশিরভাগ সময় লক্ষ করেছি বৈশাখ মাসের প্রথম দিনে ঝড় হতো। 

পাড়ার বয়সীদের মধ্যে বৈশাখ উদযাপন খুব একটা চোখে পড়তো না। তবে প্রতিবেশী ইসরাইল কাক্কুর পঞ্চম ও সর্বশেষ স্ত্রী পাতালজানের চাচি আম্মা এ দিনটি বিশেষভাবে উদযাপন করতেন। পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি পড়তেন।  সারাদিনে পা থেকে জুতা খুলতেন না। তার বিশ্বাস ছিল প্রথম দিনটা ভালো কাটলে বছরের বাকি দিনগুলো ভালো যাবে। কিন্তু বিধি বাম। কাকু চাচি আম্মাকে খুব মারধোর করতেন। 

১৯৮৭ কি ৮৮ সালের নববর্ষে ঢাকায় ছিলাম। রামনায় গিয়েছি। অনেক হাঁটাহাঁটি করে খুব ক্লান্ত হয়েছিলাম। পোলার আইসক্রিম খেয়েছিলাম তিন চারটা। বাংলা একাডেমির সামনে কবিতা পাঠের আসর বসেছিল। ১৯৯৩ সালের বর্ষবরণ দেখেছি রমনায়। এটি ছিল বাংলা ১৪০০ সাল। এ বছর যেসব দৈনিকে ক্যালেন্ডার ছাপা হয়েছিল তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ভোরের কাগজের ক্যালেন্ডারটি। ক্যালেন্ডারের জন্যই পত্রিকাটি কিনেছিলাম।

দেশের অবস্থা অনেক পরিবর্তিত হয়েছে। আর্থিক স্বচ্ছলতা এসেছে মানুষের জীবনে। লক্ষ করেছি গ্রামের দরিদ্রতম মানুষটিও তাদের সন্তানের জন্য বৈশাখে বৈশাখী মোটিফ সম্বলিত নতুন পোশাক কেনে। সারাদেশ- বিশেষ করে গোটা ঢাকা  জুড়েই বৈশাখী মেলা বসে। কোথাও কোথাও লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ছেলেমেয়েরা নববর্ষের দিনে শ্রমজীবী মানুষদের বিশেষ করে রিক্সা শ্রমিকদের পানি পান করায়। এটি অত্যন্ত আবেদনময় একটি বিষয়। 

নতুন বছর শুরু হয়, আবার শেষও হয়ে যায়। বয়সের ভারেই হবে হয়ত আগের মত নববর্ষ আবেদন রাখে না। তারপরও তো আমাদের নববর্ষ। একান্তই আমাদের। সবাইকে নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ।

লেখক: প্রধান তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব), তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg