টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের র্যাবিক্স টিকা প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে স্বাস্থ্য বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবার।
জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুটিকে ভ্যাকসিন প্রয়োগ করেন। তবে ওই ভ্যাকসিন দেওয়ার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু।
অভিযোগ রয়েছে, তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।
একমাস বয়সী শিশু ফাতিহার মা মৌ বলেন, নিয়মিত টিকা দেওয়ার জন্য তিনি শিশুকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু উপস্থিত না থাকায় পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে আনা হয়। এ সময় প্রতিবাদ করলে কাইয়ুম তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের গাফিলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, “ভুলবশত এমনটি হয়েছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিজের ভুল স্বীকার করে বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।”
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম বলেন, “এক মাস বয়সী একটি শিশুকে ভুলবশত টিকা দেওয়ার ঘটনা জানতে পেরেছি। ঘটনার পরপরই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই। তারপরও শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
প্রতিনিধি/আরএইচ