বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজন ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ইতিমধ্যে তুঙ্গে। বাংলাদেশের দর্শকদের জন্যও এসেছে সুখবর। আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলো দেশের তিনটি টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
প্রথমে বিটিভি এবং টি স্পোর্টসের পর্দায় বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে বলে শোনা গেলেও এবার জানা গেল সময় টিভিতেও সরাসরি খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছে সময় টিভি কর্তৃপক্ষ। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবল অনুরাগীরা সহজেই খেলা দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রতি আসরেই তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে রাত জেগে খেলা দেখার সংস্কৃতি বহুদিনের। তবে এবারের আসরের সম্প্রচার নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ছিল। সম্প্রচার মাধ্যমগুলো নিশ্চিত হওয়ায় এখন সেই অপেক্ষার অবসান ঘটেছে।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। কারণ, এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ফলে ম্যাচ সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। এর ফলে প্রতিযোগিতার ব্যাপ্তি ও উত্তেজনা আগের যেকোনো আসরের তুলনায় আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের অনেক দর্শকের কাছে এখনো টেলিভিশনই খেলা দেখার প্রধান মাধ্যম। বিশেষ করে গ্রামাঞ্চল এবং যেসব দর্শক অনলাইন সম্প্রচারের চেয়ে টিভি সম্প্রচারকে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন, তাদের জন্য এই সম্প্রচার ব্যবস্থা বিশেষ গুরুত্ব বহন করছে। বিটিভির মাধ্যমে দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ খেলা দেখতে পারবেন। পাশাপাশি টি স্পোর্টস ও সময় টিভি দর্শকদের জন্য অতিরিক্ত বিকল্প তৈরি করছে।
টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে সরাসরি ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের মাধ্যমেও দর্শকরা বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। ফলে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার কিংবা স্মার্ট টিভি ব্যবহারকারীরাও সহজে খেলা উপভোগ করতে পারবেন।
দেশবার্তা/একে