ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে শ্রেয়স আয়ারের নাম। শুধু নেতৃত্ব হারানোই নয়, আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকেও বাদ পড়েছেন সদ্য বিদায়ী বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তিলক বর্মাকে। এর আগে এই দায়িত্বে ছিলেন অক্ষর প্যাটেল।
শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সামনে রেখে নতুন পরিকল্পনা শুরু করেছেন নির্বাচকেরা। সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।
গত মার্চে সূর্যকুমার যাদবের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রেখেছিল ভারত। তবে ২০২৮ সালের বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৮ বছর। তা ছাড়া সাম্প্রতিক বিশ্বকাপে ৯ ইনিংসে ২৪২ রান এবং আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করার পর থেকেই তাঁর টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। মূলত বয়স ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাঁকে এই সংস্করণের পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে শ্রেয়স আয়ার দীর্ঘদিন জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনার বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বের দারুণ অভিজ্ঞতা নির্বাচকদের আস্থা জুগিয়েছে। তাঁর নেতৃত্বেই ২০২৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।
তবে ভারতের এই নতুন দলে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। সদ্য সমাপ্ত আইপিএলে ৭৭৬ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ জেতা এই কিশোর ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাতে পারলে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন। বর্তমানে এই রেকর্ডটি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে রয়েছে। আয়ারল্যান্ড সফরের মূল দলে যোগ দেওয়ার আগে সূর্যবংশী শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবেন।
আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দলটি।
দেশবার্তা/একে