২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন প্রায় শেষ। বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে ফুটবল দুনিয়ায় চলছে তুমুল বিশ্লেষণ আর চুলচেরা সমীকরণ। মাঠের লড়াই শুরুর আগে এই আলোচনার পারদ আরও বাড়িয়ে দিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা মহাতারকার মতে, সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম প্রধান দাবিদার চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেসাওদের শক্তির প্রশংসা করে মেসি বলেন, ব্রাজিল সবসময়ই শিরোপার জন্য লড়াই করার মতো দল। তারা হয়তো কিছুদিন ধরে নিজেদের সেরা ছন্দে নেই, কিন্তু তাদের দলে এমন সব খেলোয়াড় আছে যারা যেকোনো বড় টুর্নামেন্ট জয়ের সামর্থ্য রাখে।
মেসির মতে, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের সমৃদ্ধ খেলোয়াড় ভাণ্ডার এবং গভীর স্কোয়াড। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হয়ে উঠতে পারে বলেও বিশ্বাস আটবারের ব্যালন ডি’অর জয়ীর।
বিশ্বকাপের সম্ভাব্য শিরোপা প্রত্যাশীদের তালিকায় কেবল ব্রাজিলকে রেখেই ক্ষান্ত হননি মেসি। ইউরোপের শীর্ষ দলগুলোর ওপরও চোখ রাখছেন তিনি। তার চোখে এবারের আসরে ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন এবং পর্তুগালও হট ফেবারিট। বর্তমানে এই দলগুলো বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে রয়েছে এবং তারা খুব ভালো প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে আসছে বলে আলবিসেলেস্তে অধিনায়ক উল্লেখ করেন।
অন্যান্য পরাশক্তিদের এগিয়ে রাখলেও নিজেদের বর্তমান অবস্থান নিয়ে বেশ বাস্তববাদী মেসি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথ যে মোটেও মসৃণ হবে না, তা অকপটে স্বীকার করেছেন তিনি। নিজেদের স্কোয়াডের চোট সমস্যা নিয়ে কিছুটা চিন্তিত হলেও দলের মানসিক শক্তির ওপর ভরসা রাখছেন।
মেসি জানান, তাদের দলে কয়েকজন খেলোয়াড় চোট ও ফিটনেস সমস্যায় ভুগছে। তবে এই দলের মানসিক শক্তি এবং বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার ওপর তার পূর্ণ আস্থা আছে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে দেখছেন ফুটবল জাদুকর। তার মতে, বিশ্বমঞ্চে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মেসির ভাষায়, বিশ্বকাপে কোনো দলই নিরাপদ নয় এবং এখানে সবসময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে।
দেশবার্তা/একে