দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার (৩৫.৬১ বিলিয়ন)।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ এখন ৩০.৯৬ বিলিয়ন ডলার।
শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলারে। এর আগে গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৫৩৩ কোটি ডলার এবং আইএমএফ পদ্ধতিতে ছিল ৩ হাজার ৬৭ কোটি ডলার।
পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েক সপ্তাহ ধরেই রিজার্ভের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ৯ এপ্রিল বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২ হাজার ৯৯৫ কোটি ডলার, যা ২৩ এপ্রিল নাগাদ ৩ হাজার ৪৮ কোটি ডলারে উন্নীত হয়। মে মাসের শুরুতে সেই ধারা বজায় থেকে বর্তমানে তা ৩১ বিলিয়ন ডলারের ঘরের কাছাকাছি পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গত চার মাসের ব্যবধানে রিজার্ভের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চলতি বছরের ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল মাত্র ২ হাজার ৭৮৪ কোটি ডলার। সেই তুলনায় বর্তমান রিজার্ভ কয়েকশ কোটি ডলার বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি স্বস্তিদায়ক খবর।
মূলত রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাবের কারণেই রিজার্ভের এই স্থিতিশীলতা ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশবার্তা/একে